চাঁদা না পেয়ে ফার্মেসি মালিকের ছেলেকে গুলি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

চাঁদা না পেয়ে খুলনায় চয়নিকা ফার্মেসির মালিকের ছেলে জারিফকে (৩৩) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে অবস্থিত ফার্মেসিটিতে এ ঘটনা ঘটে। গুলিটি জারিফের পায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির মুখে গত ২৮ অক্টোবর রাত ৯টার দিকে দুই যুগের বেশি সময়ের ঐতিহ্যবাহী ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়। টানা ১৬ দিন বন্ধ থাকার পর গত ১৪ নভেম্বর পুলিশি প্রহরায় এটি আবার চালু করা হয়। এর ১৪ দিন পরই সেখানে গুলির ঘটনা ঘটল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় তিনজন অস্ত্রধারী ফার্মেসিতে গিয়ে ক্রেতাদের সরিয়ে দেয়। এরপর দোকানমালিকের ছেলে জারিফকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এতে তাঁর পায়ে গুলি লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জারিফের বাবার নাম দৌলতুজ্জামান। ফার্মেসিসংলগ্ন বাড়িতেই তাঁদের বসবাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চয়নিকা ফার্মেসির মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। চাঁদা না পেয়ে বিভিন্ন সময় তাঁকে হুমকি দেওয়া হয়। নিরাপত্তাহীনতার কারণে গত ২৮ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দিতে বাধ্য হন মালিক। এতে এলাকার ওষুধ ক্রেতারাও ভোগান্তিতে পড়েন। পরে পুলিশের সহায়তায় ১৬ দিন বন্ধ থাকার পর ১৪ নভেম্বর সন্ধ্যায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়। এ সময় নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।

তবে পুলিশের সহায়তায় চালু হওয়ার পরও প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত হয়নি। শুক্রবার সন্ধ্যায় সেখানে গুলির ঘটনা ঘটে। ঘটনার পর সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সেখানে উপস্থিত হন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান জানান, গুলিতে ফার্মেসির মালিকের ছেলে আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

কেএমপির সদর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুর রহমান বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ জারিফের সঙ্গে কথা বলেছেন। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে গত চার দিনে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আওতাধীন এলাকায় অন্তত ১২টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন। এর মধ্যে এবার প্রকাশ্যে গুলি চালিয়ে ফার্মেসিমালিকের ছেলেকে আহত করল দুর্বৃত্তরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত