দেশজুড়ে প্রথমবারের মতো এমটিবি চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে আকিজ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

দেশে প্রথমবারের মতো দেশব্যাপী মাউন্টেন বাইকিং (এমটিবি) প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ‘আকিজ বাইসাইকেল এমটিবি চ্যাম্পিয়নশিপ সিজন-১’ শীর্ষক এ প্রতিযোগিতার জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২৬ নভেম্বর ২০২৬ জার্সি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।

দেশের আটটি বিভাগে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশ নেবেন মোট ১ হাজার ৬০০ জন পুরুষ সাইক্লিস্ট। প্রতিটি বিভাগ থেকে ২০০ জন করে প্রতিযোগী অংশ নেবেন। তাঁদের মধ্য থেকে বাছাই করে প্রতিটি বিভাগ থেকে সেরা ১০ জন চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। সে হিসাবে আট বিভাগ থেকে নির্বাচিত ৮০ জন পুরুষ সাইক্লিস্ট চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবেন।

নারী সাইক্লিস্টদের জন্য থাকছে পৃথক বিভাগ। এ বিভাগে ৫০ জন নারী প্রতিযোগী কোনো বিভাগীয় বাছাইপর্ব ছাড়াই সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে পুরুষ ও নারী বিভাগে মোট ১২০ জন সাইক্লিস্ট চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য যথাক্রমে ২ লাখ ৫০ হাজার, ১ লাখ ৫০ হাজার ও ১ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। নারী বিভাগে বিজয়ীরা যথাক্রমে ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার টাকা পাবেন। পাশাপাশি প্রতিযোগিতার শীর্ষ দুই বিজয়ীর জন্য থাকছে আকিজ বাইসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিশেষ সুযোগ।

আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও ট্রায়াথলন ড্রিমার্সের যৌথ উদ্যোগে আটটি বিভাগে প্রতিযোগিতাটি পরিচালিত হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের সাইক্লিস্টদের একত্র করে একটি প্রতিযোগিতামূলক মঞ্চ তৈরি করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের সাইক্লিং সংস্কৃতিকে এগিয়ে নেওয়া, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান সাইক্লিস্টদের সুযোগ করে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

উল্লেখ্য, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। গুণগত মান, উদ্ভাবন ও গ্রাহকের আস্থাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দেশের সাইক্লিং শিল্পের উন্নয়নে কাজ করছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাইসাইকেল রপ্তানি করছে প্রতিষ্ঠানটি, যা দেশের রপ্তানি খাত ও শিল্পোন্নয়নে অবদান রাখছে।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস কে শামীম উদ্দিন, আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জয়নুল আবেদিন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জহুরুল আলমসহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সাইক্লিং কমিউনিটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত