থিয়েটারের মুনীর চৌধুরী সম্মাননা-জাকারিয়া স্মৃতিপদক পেলেন যারা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা ও ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে নাট্যদল থিয়েটার।

এবার মুনীর চৌধুরীকে নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ মুনীর চৌধুরী সম্মাননা পেয়েছেন গবেষক মোহাম্মদ জয়নুদ্দীন। অন্যদিকে রূপসজ্জা ও নাট্যচর্চায় সামগ্রিক অবদানের জন্য মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। সভাপতিত্ব করেন বরেণ্য অভিনয়শিল্পী ও থিয়েটারের সভাপতি ফেরদৌসী মজুমদার।

স্বাগত বক্তব্য রাখেন থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার। এ ছাড়া উপস্থিত ছিলেন কেরামত মওলা, তারিক আনাম খান, অধ্যাপক আব্দুস সেলিম, বাবুল বিশ্বাস, ত্রপা মজুমদার, আসিফ মুনীর, সাইফ সুমন, আরিফ শাকিল ও সৈয়দ আপন আহসানসহ নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

সম্মাননা গ্রহণ করে মোহাম্মদ জয়নুদ্দীন বলেন, ‘মুনীর চৌধুরীকে পাঠ করতে হবে, তাকে নিয়ে কাজ করতে হবে। থিয়েটারের প্রাণপুরুষ ও স্বপ্নদ্রষ্টা মুনীর চৌধুরীকে এত বছর ধরে স্মরণ ও সম্মাননা জানানোর জন্য থিয়েটারের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশাবাদী, ত্রপা মজুমদার ও তাঁর সহকর্মীরা মুনীর চৌধুরীকে সামনে রেখে থিয়েটারকে এগিয়ে নিয়ে যাবেন।’

মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক গ্রহণ করে শুভাশীষ দত্ত তন্ময় বলেন, থিয়েটারের সঙ্গে তার পারিবারিকভাবে বেড়ে ওঠা। তার মূল কাজের জায়গা রূপসজ্জা হলেও অভিনয়, কস্টিউম ডিজাইন ও নির্দেশনার মতো কাজেও যুক্ত হয়েছেন। এসব ক্ষেত্রে থিয়েটার স্কুলের অবদান রয়েছে। থিয়েটার স্কুল তার জীবন বদলে দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রামেন্দু মজুমদার বলেন, মুনীর চৌধুরী আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার সাহিত্যকর্ম ও নাট্যচর্চা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। অন্যদিকে মোহাম্মদ জাকারিয়া ছিলেন শৃঙ্খলা, নিষ্ঠা ও অভিনয়শৈলীর অনন্য দৃষ্টান্ত। তাদের আদর্শ ও কর্ম চর্চার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার আহ্বান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারা সৈয়দ হক বলেন, মুনীর চৌধুরী শুধু অসাধারণ নাট্যকারই ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন বিরল গুণের অধিকারী। তার স্বামী সৈয়দ শামসুল হক যক্ষ্মায় আক্রান্ত হলে চিকিৎসার জন্য মুনীর চৌধুরী ৪০০ টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন। তার সেই মানবিকতা ও ভালোবাসা তারা কখনো ভুলবেন না। মুনীর চৌধুরীর মতো বড় মনের মানুষ বাংলাদেশে খুব কম দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।

১৯৮৯ সাল থেকে নাট্যদল থিয়েটার নিয়মিতভাবে মুনীর চৌধুরী সম্মাননা এবং ১৯৯৭ সাল থেকে প্রতিভাবান তরুণ নাট্যকর্মীদের মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করে আসছে। বর্তমানে এক বছর পর পর এ দুটি সম্মাননা দেওয়া হয়। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার টাকা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।

পদক ও সম্মাননা প্রদান পর্ব শেষে আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল থিয়েটার-এর পরিবেশনায় শহীদ মুনীর চৌধুরী রচিত নাটক ‘জমা খরচ ও ইজা’র অংশবিশেষের পাঠ-অভিনয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত