নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ এএম

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাসনিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ মেলেনি। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা একরামুল ইসলামের গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায়, দীর্ঘদিন থেকে তাসনিয়ার বাবা এরশাদুলের সঙ্গে একই গ্রামের একরামুলের পূর্বশত্রুতা ছিল।

ঘটনার পর একরামুল পালিয়ে যায়। তবে স্থানীয়রা তার বাড়ির গৃহকর্মী আন্জুয়ারাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে একরামুলের স্ত্রী হাবিবাকে আটক করে পুলিশ। ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একরামুলের স্ত্রী হাবিবা ও কাজের মেয়ে আঞ্জুয়ারাকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত