বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পাথরবোঝাই ট্রাকের চালক টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫) এবং একই এলাকার হেলপার ইমরান (৩০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, আলুবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পাথরবোঝাই ট্রাক। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালীতে নারী নিহত : নোয়াখালীতে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে পুকুরে পড়ে মিনারা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৯টায় নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হানিফ রোডের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুরের রামগতি থেকে সোনাপুর রোডে যাতায়াতের সময় সিএনজি অটোরিকশাটি নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ হানিফ রোডের দক্ষিণে সাধু মসজিদের পাশে আনন্দ রাস্তার মাথায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলে একজন মহিলা নিহত হন এবং তিনজন আহত হন। নিহত মিনারা বেগমের বাড়ি লক্ষ্মীপুর জেলার টুমচর এলাকায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নোয়াখালী সুধারাম থানার ওসি কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
