খাগড়াছড়ির পানছড়ির দুর্গম জগাপাড়া গ্রামে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করেছেন। গত শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে খাগড়াছড়ি সদর জোনের অধীন পানছড়ি সাবজোনের একদল সেনাসদস্য উপজেলার জগাপাড়া গ্রামে ইউপিডিএফের এক সক্রিয় সদস্যের বাড়িতে অভিযান চালান। অভিযান টের পেয়ে ১৫-২০ জন দুর্বৃত্ত সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি রাশিয়ান পিস্তলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে দুটি ম্যাগাজিন, ৮ রাউন্ড অ্যামুনিশন, ৭.৬২ মিমি-এর ২০০ রাউন্ড অ্যামুনিশন, একটি ওয়াকিটকি সেট এবং ব্যবহৃত ইউনিফর্ম।
