দুর্নীতিবিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম

ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে। করদাতাদের বিলিয়ন ডলার লুটপাট এবং সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদের ঘুষ গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে হাজারো মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছে।

রবিবার রাজধানী ম্যানিলা ও বিভিন্ন শহরে ছাত্র, গির্জা সংগঠন, রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক ও সেলিব্রিটিরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। ম্যানিলার একটি পার্কেই প্রায় ৫০ হাজার মানুষ জমায়েত হন বলে জানা গেছে। পরে রাজধানীর এডিএসএ সড়কেও বিক্ষোভকারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ থাকলেও কিছু ঘটনায় উত্তেজনা তৈরি হয়। পুলিশ ৭২ জনকে আটক করেছে, যাদের মধ্যে ২০ জন নাবালক। এছাড়া ৩৯ জন পুলিশ সদস্য আহত হন এবং ব্যারিকেড হিসেবে ব্যবহৃত একটি ট্রেলার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, আটককৃতরা সবাই বিক্ষোভকারী কিনা তা এখনও নিশ্চিত নয়।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের দাবি, শুধুমাত্র জলবায়ু বিষয়ক প্রকল্প থেকেই ২০২৩ সালে অন্তত ১৩ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করা হয়েছে। জুলাই মাসে মৌসুমি বন্যা ও ঘূর্ণিঝড়ে দেশব্যাপী বন্যা দেখা দিলে এই দুর্নীতির বিষয়টি উন্মোচিত হয়। প্রায় প্রতি বছর ২০টির মতন ঘূর্ণিঝড় সহ্য করা ফিলিপাইনকে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, গত দুই বছরে দুর্নীতির কারণে দেশটির অর্থনীতির ১.৪৮ বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ ক্ষতি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত