বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব সুপ্রিম কোর্টের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম

বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের বাণিজ্যিক বিরোধগুলো দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির মাধ্যমে বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল এবং স্বচ্ছ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করে বলে, এর মাধ্যমে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট প্রস্তাবে ব্যবসায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বণিকদের সাধারণ লেনদেন থেকে শুরু করে আমদানি-রপ্তানি কার্যক্রম, বিমান ও নৌপরিবহন, নির্মাণ এবং অবকাঠামোগত প্রকল্প, ফ্র্যাঞ্চাইজ চুক্তি, বিতরণ ও লাইসেন্সিং, প্রযুক্তি উন্নয়ন, ট্রেডমার্ক, কপিরাইট, পেটেন্ট, শিল্পনকশা, ডোমেইন নাম, ভৌগোলিক নির্দেশক, বীমা এবং অংশীদারত্ব চুক্তি, আর্থিক প্রতিষ্ঠান, পরিষেবা খাত এবং শেয়ারহোল্ডার বা যৌথ উদ্যোগ সম্পর্কিত বিরোধকে বিশেষায়িত বাণিজ্যিক আদালতের এখতিয়ারভুক্ত করার কথা বলা হয়েছে।

প্রস্তাবে জেলা জজদের মধ্য থেকে বাণিজ্যিক আদালতের বিচারক নিয়োগ করার বিষয়টি উল্লেখ রয়েছে। একই সঙ্গে প্রধান বিচারপতি কর্তৃক হাইকোর্ট বিভাগে বাণিজ্যিক আপিল বেঞ্চ গঠনের বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলার আগে মধ্যস্থতাকে বাধ্যতামূলক করা হয়েছে প্রস্তাবে। এর মাধ্যমে মামলার আগেই অনেক বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তি হবে এবং এর ফলে আদালতের ওপর মামলার ক্রমবর্ধমান চাপ হ্রাস পাবে। এ ছাড়া সুপ্রিম কোর্টের প্রস্তাবে বিচার দ্রুত ও কার্যকর করার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার কার্যক্রম শেষ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। চূড়ান্ত শুনানি ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। এ ছাড়া অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে সংক্ষিপ্ত বিচারের সুযোগ রাখার বিষয়ে প্রস্তাবে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত