রাজধানীর উত্তরখানে গ্যাসের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উত্তরখান কুড়িপাড়া এলাকায় প্রধান সড়কে এ কর্মসূচি পালন করে উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বাসিন্দারা।
এমন সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন মোস্তফা জামান বলেন, গ্যাস, বিদ্যুৎ পানিসহ সব ধরনের নাগরিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। এ ছাড়া উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত এলাকাগুলোতে ব্যাপক উন্নয়ন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-১৮ আসন বিনির্মাণে সর্বসাধারণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ, পানি, রাস্তাঘাট সংস্কারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নগরী ও নাগরিক সেবাসহ সব ধরনের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিএনপি কাজ করছে। নাগরিক অধিকারের আদায়ের আমি আপনাদের পাশে আছি। এ সময় গণস্বাক্ষরের আহ্বান জানান মোস্তফা জামান। অতি দ্রুত এসব সমস্যা নিয়ে কর্র্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন। সে সঙ্গে সড়কে যানজট সৃষ্টি হলে মানববন্ধন বন্ধ করে সড়ক থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সরে যাওয়ার আহ্বান জানান। সাধারণ মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার অনুরোধ জানান মোস্তফা জামান।
