ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মা-মেয়ের মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয়ন্তী মণ্ডলের মেয়ে প্রতিভা মণ্ডল (৩)। এর আগে রবিবার সকালে ঢাকায় মারা যায় জয়ন্তী মণ্ডল (৩৩)।

নিহতরা হলেন- রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। 

জয়ন্তী মণ্ডলের ভাতিজা বিপুল মণ্ডল বলেন, সমির মণ্ডল স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হয় জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। পরে অসুস্থ অবস্থায় তাদের ঢাকার মহাখালি আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয়। রবিবার সকালে জয়ন্তী মণ্ডল মারা যান। একদিন পর সোমবার সন্ধ্যায় তার কন্যা প্রতিভা মণ্ডল মারা যায়। 

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, জয়ন্তী মণ্ডল ও তার কন্যা প্রতিভা মণ্ডল ঢাকাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা কষ্টদায়ক। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত