ড্যাবের কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখার সব কার্যক্রম স্থগিত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি অর্থবছরের (২০২৪–২৫) কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কুমিল্লা জেলা, মহানগর ও মেডিকেল কলেজ শাখার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সোমবার রাতে ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ড্যাবের কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক সফিকুর রহমান এবং জেলা ও মহানগর কমিটির কয়েকজন নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

ড্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং অসাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ড্যাবের গঠনতান্ত্রিক সিদ্ধান্ত অনুযায়ী তিনটি শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

সূত্রে জানা গেছে, হাসপাতালের ২৪ কোটি টাকার কেনাকাটায় অন্তত ৪ কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ ও ড্যাব কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ মাসুম হাসান ওরফে এম এম হাসানের বিরুদ্ধে।

গত রোববার হাসপাতালের সম্মেলনকক্ষে ড্যাবের কুমিল্লা মেডিকেল কলেজ শাখা এবং বিএনপি-ঘনিষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ উপস্থিত হন ড্যাবের কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আরিফ হায়দার। তিনি সভায় এম এম হাসানের বিরুদ্ধে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন।

সভায় এম এম হাসান নিজেও উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’। সভায় সভাপতিত্ব করেন ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি মিনহাজুর রহমান তারেক। উপস্থিত ছিলেন কলেজের বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ চিকিৎসকসহ সংগঠনের নেতারা। সভায় অনেকে এম এম হাসানের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত দাবি করেন।

তবে ঘটনার পর থেকে এম এম হাসান ও হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ দাবি করছেন, ড্যাবের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত