যেখানে নির্বাচন কমিশনার নিজেও ভোটার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী ৬ অক্টোবর। এই নির্বাচন পরিচালনার কাজে তিন জন নির্বাচন কমিশনার নিযুক্ত করেছে বিসিবি, যাদের একজন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি এবং সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ। তিনি একই সঙ্গে ক্যাটাগরি-২ থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগের দল বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হিসেবে একজন ভোটারও। এই ব্যপারে মো. ছিবগাত উল্লাহর সঙ্গে দেশ রূপান্তর যোগাযোগ করলে তিনি জানান ‘এতে কোনো সমস্যা নেই। নির্বাচন কমিশনার ভোটার হতে পারেন, প্রার্থী না।’

আইনি জটিলতার কারণে নির্বাচনী তফসিলে সংশোধন এনে একদিন পর অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার পর বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট দলের মতামত অনুযায়ী গঠনতন্ত্র না থাকা, একই ঠিকানায় একাধিক দলের স্থায়ী ঠিকানাসহ নানান অসংগতির কারণে ১৫টি দলকে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে নির্বাচন কমিশন ১৫টি ক্লাব ভোটার তালিকার বাইরে রেখেছে। এই তালিকায় আছে তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাবও।

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ হবে আজ, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আপত্তির ওপর শুনানি হবে ২৫ সেপ্টেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে শুক্রবার বিকেল সাড়ে ৪টায়। নির্বাচন কমিশনার এবং প্রার্থী, উভয় ভূমিকাতেই থাকাটা সম্ভব কি না এই প্রসঙ্গে ছিবগাত উল্লাহ বলেছেন, ‘এতে কোনো অসুবিধা নেই। জাতীয় নির্বাচনে যারা নির্বাচন কমিশনার থাকেন তারাও তো ভোটাধিকার প্রয়োগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা নির্বাচনে দায়িত্ব পালন করেন তারাও তো ভোট দেন। নির্বাচন কমিশনার প্রার্থী হতে পারবেন না তবে ভোট দিতে পারবেন।’ এখানে স্বার্থের কোনো সংঘাত নেই, যেমনটা তামিম ইকবাল বলেছিলেন একই লিগে এক দলের মালিক হয়ে অন্য ক্লাবে খেলা নিয়ে! গুলশান ক্রিকেট ক্লাবের মালিকদের একজন তামিম প্রিমিয়ার লিগে খেলেছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। তখন জানিয়েছিলেন, ‘আমি ও ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজির মিজান (মিজানুর রহমান) ভাই দুজন মিলে গুলশান ক্রিকেট ক্লাবে অর্থায়ন করব বা করতে যাচ্ছি। আমাদের মধ্যে কে কাউন্সিলর হবেন, তা এখনই চূড়ান্ত করিনি। সেটা নিয়ে এখন ভাবছিও না। সেটা পরে দেখা যাবে। এ মুহূর্তে আমি আর মিজান ভাই (ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি- মিজানুর রহমান) গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। ক্লাবটিকে আর্থিক সহায়তা করতে রাজি হয়েছি।’ দুদক অনিয়ম খুঁজে পাওয়ায় গুলশান ক্রিকেট ক্লাবকে কাউন্সিলরশিপ দেয়নি নির্বাচন কমিশন, ফলে ক্যাটাগরি-২ তে গুলশান ক্রিকেট ক্লাবের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া মিজানুর রহমানের নাম নেই খসড়া ভোটার তালিকায়। এ ব্যাপারে মিজানুর রহমান দেশ রূপান্তরকে জানিয়েছেন, ‘আমি তো গুলশান ক্লাবের স্পন্সর ডিরেক্টর ছিলাম, আমি এমনিতেই অসুস্থ, আমি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো লড়াইতে যাব না।’

গুলশান ক্রিকেট ক্লাবসহ ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল ক্রিকেট ক্লাব, এক্সিউম ক্রিকেটার্স, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানম-ি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট একাডেমি, স্যাফায়ার ক্রিকেট ক্লাব, আলফা ক্রিকেট ক্লাব এই ১৫টি ক্লাবকে খসড়া ভোটার তালিকার বাইরে রেখেছে নির্বাচন কমিশন। তবে আপত্তি শুনানিতে বিসিবি বরাবর আবেদন, দাখিলকৃত সব দলিলাদি, ক্লাবের গঠনতন্ত্র, মালিকানার প্রমাণ, স্থায়ী ও অস্থায়ী ঠিকানার প্রমাণসহ আপত্তি দাখিল করতে পারবে ক্লাবগুলো।

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোটার বা কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।

ঢাকা বিভাগ থেকে বুলবুল ছাড়াও বাকি ৬টি বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন আহসান ইকবাল চৌধুরী (চট্টগ্রাম), মো. হাসিবুল আলম (রাজশাহী), মো. হাসানুজ্জামান (রংপুর), খান আব্দুর রাজ্জাক (খুলনা), মো. নান্নু মিয়া (বরিশাল) ও রাহাত শামস (সিলেট)।

ঢাকা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। প্রিমিয়ার ডিভিশনের ১২ ক্লাবের মধ্যে আবাহনী থেকে শেখ বশির আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, গাজী গ্রুপ থেকে মো. রফিকুল ইসলাম, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে মো. লুৎফর রহমান, অগ্রণী ব্যাংক থেকে মো. আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, ধানম-ি স্পোর্টস ক্লাব থেকে ইসতিয়াক সাদেক, রূপগঞ্জ টাইগার্স থেকে আদনান রহমান দীপন, ব্রাদার্স থেকে ইশরাক হোসেন, পারটেক্স থেকে আজিজ আর কায়সার টিটো এবং শাইনপুকুর থেকে বগুড়ার আসিফ রব্বানী কাউন্সিলর হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের উল্লেখযোগ্য তালিকায় ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন। ক্রীড়া সংস্থাগুলোর মধ্য থেকে মো. সানোয়ার হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস, দেবব্রত পাল তার নিজের শিক্ষাঙ্গন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর হয়েছেন।

কোয়াব নির্বাচনের সভাপতি পদে প্রার্থিতা করা সেলিম শাহেদ পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন। সাবেক ক্রিকেটার ও খ্যাতনামা আম্পায়ার সাথিরা জাকির জেসিও এনএসসির ভোটার। সাবেক ক্রিকেটার কোটায় ভোটার হয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট, নিয়ামুর রশিদ রাহুল, হাসানুজ্জামান, হাসিবুল হোসেন শান্ত, মুশফিকুর রহমান, মাহমুদুল হাসান।

সাবেক অধিনায়ক হিসেবে বিসিবি সভাপতি কর্র্তৃক মনোনীত কাউন্সিলররা হলেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। এ ছাড়া কুমিল্লা জেলা থেকে ভোটার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত