এশিয়া কাপে যেন নিজেকে নতুনভাবে চিনিয়ে দিচ্ছেন সাইফ হাসান। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৬১ রানের দুর্দান্ত ইনিংস। আর আজ ভারতের বিপক্ষেও দেখালেন ধারাবাহিকতা—খেললেন ৬৯ রানের লড়াকু ইনিংস। দলের চাপের মুহূর্তে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দৃঢ়তা দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশ দলের অধিনায়ক জাকের আলী অনিক আশা করছেন, আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রাখবেন সাইফ। ম্যাচ শেষে তিনি বলেন,
“সাইফ হাসান খুবই ভালো করছেন। সে যেভাবে ব্যাটিং করছেন, এতদিন পরে যেভাবে কনফিডেন্ট শো করছে আমার কাছে মনে হচ্ছে এটা দলের জন্য ভালো দিক। অন্যদেরকেও অনুপ্রাণিত করবে। আমি আশা করবো সে সামনের ম্যাচেও ভালো করবে, ইনশাআল্লাহ।”
সুপার ফোরে পারভেজ হোসেন ইমনের অফফর্মে সুযোগ মিলেছিল সাইফের হাতে। সুযোগটা যে তিনি দারুণভাবে কাজে লাগিয়েছেন, তা টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেই প্রমাণ করে দিয়েছেন।
তবে সাইফের এমন উজ্জ্বল ইনিংসের পরও দলের ব্যাটিং লাইনআপে বিশেষ করে লেজের দিকের দুর্বলতা আবারও ধরা দিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে। এ নিয়েই কিছুটা আক্ষেপ ঝরেছে অধিনায়ক জাকেরের কণ্ঠে। তিনি বলেন,
“খালি ছক্কা মারলেই তো হবে না। মোমেন্টাম যেভাবে চলে, সেভাবেই যেতে হবে। আমরা শুধু ছয় মারার চিন্তা করি না, আমরা রান করতে হবে—এটাই চিন্তা করি। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করছি। কীভাবে টিমের হেল্প করা যায়। আজকে যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম, রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এটা হবে, এটা নিয়ে কাজ করছি। আমাদের কাজই এটা—কীভাবে ফিনিশিং দেওয়া যায়, কীভাবে টিমকে সার্ভিস দেওয়া যায়। এটাই আমাদের কাজ।”
