ভোটার হওয়া নিয়েই হুলুস্থুল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে ৩০টির বেশি আপত্তি জমা পড়েছে বিসিবির নির্বাচন কমিশনে, জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার জমা পড়া ৩০টি আপত্তির সিংহভাগই ছিল ক্যাটাগরি-২ এর অধিভুক্ত ১৫টি ক্লাবের কাউন্সিলর না দেওয়া সংক্রান্ত। দুর্নীতি দমন কমিশনের একটি এনফোর্সমেন্ট দলের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে নির্বাচন কমিশন নিম্নলিখিত ১৫টি ক্লাবকে তালিকার বাইরে রেখে মোট ৬১টি ক্লাব নিয়ে ক্যাটাগরি-২ এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ক্লাবগুলো হচ্ছেÑ ১। এক্সিউম ক্রিকেটার্স ২। ঢাকা ক্রিকেট একাডেমি ৩। মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব ৪। নবাবগঞ্জ ক্রিকেট একাডেমি ৫। পূর্বাচল স্পোর্টিং ক্লাব ৬। গুলশান ক্রিকেট ক্লাব ৭। ওল্ড ঢাকা ক্রিকেটার্স ৮। ভাইকিংস ক্রিকেট একাডেমি ৯। বনানী ক্রিকেট ক্লাব ১০। নাখালপাড়া ক্রিকেটার্স ১১। মহাখালী ক্রিকেট একাডেমি ১২। ধানম-ি ক্রিকেট ক্লাব ১৩। প্যাসিফিক ক্রিকেট ক্লাব ১৪। স্যাফায়ার ক্রিকেট ক্লাব ও ১৫ আলফা স্পোর্টিং ক্লাব।

নির্বাচন কমিশন কর্র্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নেই বর্তমান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর নাম। গত নির্বাচনে তিনি ছিলেন ফিয়ার ফাইটার্স নামে দ্বিতীয় বিভাগের একটি দলের কাউন্সিলর। এবারে ফিয়ার ফাইটার্স থেকে কাউন্সিলর মনোনীত হয়েছেন বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ছেলে সাঈদ ইব্রাহীম আহমেদ। ইফতেখার এবারের নির্বাচনে ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে দুদকের অভিযোগের পরিপ্রেক্ষিতে আরও ১৪টি ক্লাবের সঙ্গে এই ক্লাবেরও কাউন্সিলরদের মনোনয়ন আটকে দিয়েছে বিসিবির নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে ইফতেখার সাংবাদিকদের বুধবার জানিয়েছেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত যে সচিব উনার কাছে আমরা অভিযোগ জমা দিলাম। সবশেষ সংবাদ সম্মেলনে আমরা যেটা বলেছিলাম এমনকি আমাদের (বিসিবি) আইন উপদেষ্টা যেটা বলেছিলেন, বিসিবির সংবিধান অনুযায়ী এই ক্লাবগুলোকে কোনোভাবেই বাদ দিতে পারে না। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দ- দেওয়া যায় না। এটাকে প্রকৃতির ন্যায়বিচার বলেন বা আমাদের সংবিধান বলেন, আমরা কমিটি বানাই তারপর একটা শুনানি হয়, এখানে তো এ রকম কিছুই হয়নি। সুতরাং আমরা এখন আপত্তি জানিয়ে আবেদন করেছি। প্রাকৃতিক ন্যায়বিচার যেটাকে বলে, এখানে ক্রিকেট বোর্ডের সংবিধানের বরখেলাপ হচ্ছে।’

নির্বাচন কমিশন বিসিবি কর্র্তৃক নিয়োগকৃত, বিসিবির সংবিধানে লেখা আছে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার লক্ষ্যে যাবতীয় নির্বাচন বিধিমালা প্রণয়ন, সিডিউল প্রদান, ভোটার তালিকা চূড়ান্তকরণসহ নির্বাচনের যাবতীয় আনুষ্ঠানিকতা পালনপূর্বক নির্বাচন সম্পন্ন করবে। বিসিবির সংবিধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অবস্থান কতটা যৌক্তিক এমন প্রশ্নে ইফতেখার বলেছেন, ‘আমি তো মনে করি, আমাদের জিজ্ঞেস করা উচিত, অবশ্যই জিজ্ঞেস করা উচিত, একজন বোর্ড পরিচালক হিসেবে। আমরা কিন্তু এটা বোর্ডে পাস করে দিয়েছি। আমরা সংবিধানে যা লেখা আছে সেটারই ব্যাখ্যা  উনাকে দেওয়া হয়েছে। আমি মনে করি কাল শুনানি হলে উনাদের ভুল বোঝাবুঝি উনারা খুঁটিয়ে দেখবে।’ এভাবে কিছু ক্লাবের কাউন্সিলরশিপ আটকে দেওয়াটাকে ষড়যন্ত্র হিসেবে দেখেন কি না এমন প্রশ্নে ইফতেখার বলেছেন, ‘এখন তো কথা হচ্ছে, ১৫টা দলের যেটা বলা  হয়েছে, তাদের মতে দুদক একটা তদন্ত করেছিল এবং দুদক পরিষ্কার লিখে দিয়েছিল এটা আরও অধিকতর তদন্তের জন্য সুপারিশ করা হয়েছে। সবাই আরও তদন্তের জন্য রাজি আছে, কিন্তু অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তো আপনি কাউকে শূলে চড়িয়ে দিতে পারেন না।’ বিসিবির নির্বাচন কমিশনার একজন ছিবগাত উল্লাহ বাংলাদেশ পুলিশের সিআইডি প্রধান এবং একই সঙ্গে পুলিশ ক্রিকেট ক্লাবেরও কাউন্সিলর। এইটা কতটা আইনসিদ্ধ এই প্রসঙ্গে ইফতেখার বলেছেন, ‘এইটা আমাদের আইনি বিভাগ সেদিন স্পষ্ট করে দিয়েছে। যেহেতু এটায় কোনো বাধা নেই, তিনি ভোটার হতে পারবেন। এটা তো আইনের ব্যাপার, তিনি হতে পারেন।’

নির্বাচন কমিশনারদের কারোই দেখা পাননি আপত্তি জানাতে আসা ব্যক্তিরা, তাদের হয়ে তাদের সচিবরা আপত্তির আবেদন গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ইফতেখার, ‘উনাদের সচিবরা...আমি যেটা শুনলাম প্রায় ৩০টার মতো আপত্তি জমা পড়েছে। আমরা নির্বাচন কমিশনের যে প্রতিনিধি ও সচিবরা আছেন, তাদের কাছে কাগজ জমা দিয়ে রিসিভিং কপি নিয়ে যাচ্ছি। আমাদের একজন কমিশনার সিআইডি থেকে আছেন, হয়তো তার প্রতিনিধির কাছে কেউ জমা দিয়েছেন।’

আপিল শুনানির তারিখ বৃহস্পতিবার, এরপর সাপ্তাহিক বন্ধ ও শারদীয় দুর্গাপূজার বন্ধ। আপিল শুনানিতে ফল বিরুদ্ধে গেলে এরপর আইনি প্রক্রিয়ায় যেতে গেলেও আদালতের দ্বারস্থ হতে হবে। কিন্তু সরকারি বন্ধ থাকায় সেই দ্বারও রুদ্ধ। ইফতেখার বললেন, আমরা একটা ন্যায়বিচার ও সুষ্ঠু নির্বাচন আশা করছি, ৪০ বছর ধরে ক্রিকেটের সঙ্গে আছি, অনেক কিছুই দেখেছি কিন্তু এ রকম কিছু দেখিনি। আমাদের কথাটা সহজ আমরা একটা ন্যায্য সুযোগ চাই। দোষ থাকলে বাদ দিয়ে দেন কিন্তু এখানে সেটা করা হয়নি।’ কিছুদিন আগে অপহরণ প্রচেষ্টার মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হওয়া তেজগাঁও ক্রিকেট একাডেমির কাউন্সিলর প্রত্যাশী বোরহান হোসেন তপু অভিযোগ জানিয়েছেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে সাবেক বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন ফরম সময়সীমা অতিবাহিত হওয়ার পর গ্রহণ করা প্রসঙ্গে, ‘গতকাল যে একটি ক্লাব রেঞ্জার্স, ৬টার সময় কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ সময় ছিল, সেখানে লেখাই আছে স্পষ্ট যে রিসিভড অ্যাট ৮-৩০ পিএম। এটা সর্বজনীন আইন যে টেন্ডার বাক্স যদি ১২টার সময় বন্ধ হয় তাহলে ১২-০৫ মিনিটে কেউ টেন্ডার বাক্সে জমা দিতে পারে না, পরীক্ষার হলে পরে ঢুকতে পারে না, সুতরাং কেন ৬টার পরে ৮-৩০ এ জমা হলো।’

এমন সব অভিযোগেরই শুনানি হবে আজ, মিরপুরের বিসিবি কার্যালয়ে। তারপর শুক্রবার ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত