৫২তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা (বন্দর থানা) ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয় চারটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিদ্যালয়টি ফুটবল, হ্যান্ডবল, সাঁতার ও দাবা ইভেন্টে থানা পর্যায়ের চ্যাম্পিয়নশিপ অর্জন করে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল ইভেন্টে বিদ্যালয়ের টিম হালিশহর বেগমজান স্কুলকে পরাজিত করে। হ্যান্ডবল ইভেন্টে তারা বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এবং বি এ এফ শাহীন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বন্দর-পতেঙ্গা-বায়েজিদ থানার মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় ইস্টার্ন রিফাইনারি উচ্চ বিদ্যালয় ও হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় এবং পতেঙ্গা-বন্দর-বায়েজিদ থানার একাডেমিক সুপারভাইজার উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) উপসচিব মমিনুর রশিদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।
