স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিবৃতি

ক্রেডিট কার্ডের প্রতারণায় উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ এএম

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণামূলক ঘটনায় বিবৃতি দিয়েছে ব্যাংকটি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নতুন করে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সমস্যার দ্রুত সমাধান এবং মূল কারণ উদঘাটনের জন্য ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ন্ত্রক সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে একযোগে কাজ করছেন। এ ছাড়া গ্রাহকদের অসুবিধা এড়াতে ক্ষতিগ্রস্ত কার্ডগুলোয় ইতিমধ্যে অর্থ ফেরত দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এই প্রতারণামূলক ঘটনা নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের কান্ট্রি হেড বিটপী দাশ চৌধুরী।

বিবৃতিতে বলা হয়, ‘চলতি সেপ্টেম্বরের শুরু থেকে ক্রেডিট কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে একাধিক ওয়ালেটে প্রতারণামূলক লেনদেনের কিছু অভিযোগ এসেছে। যেখানে কিছু গ্রাহকের অনুমতি ছাড়াই ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার করে কার্ড থেকে প্রতারণামূলক লেনদেন হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে তাৎক্ষণিক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ব্যাংক।’

বিবৃতিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের একটি পর্যবেক্ষক দল এ-সংক্রান্ত প্রক্রিয়া ও সিস্টেম পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানের কার্যালয় পরিদর্শন করছে। আমরা ইতিমধ্যে ঘটনাটি আইন প্রয়োগকারী সংস্থার কাছে জানিয়েছি। গ্রাহকদের অসুবিধা এড়াতে ক্ষতিগ্রস্ত কার্ডগুলোয় ওই অর্থ ইতিমধ্যেই ফেরত দিয়েছি। তদন্ত সম্পন্ন হওয়ার পর এবং তদন্তের ফলের ভিত্তিতে ঘটনাটির চূড়ান্ত নিষ্পত্তি করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত