গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০), তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)। তারা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। অন্য একজন কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় নুসরাত খাতুনকে (১৮) গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে চট্টগ্রামের আনোয়ারায় নিয়ম না মেনে উল্টোপথে আসা দ্রুতগতির একটি বাসচাপায় এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটির চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ। নিহত মোহাম্মদ সোহেল উপজেলার বারশত ইউনিয়নের বাসিন্দা। একই উপজেলার বৈরাগ ইউনিয়ন এলাকায় বসবাস করে আসছেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোহেল টানেল সংযোগ সড়কের গোলচত্বর এলাকা থেকে গাড়িতে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গোলচত্বরে নিয়ম না নেমে উল্টোপথে আসা একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে টানেলের টোল প্লাজায় চালক কবির হোসেন (৪২) ও সহকারী সাগর আহমদকে (২২) আটক করা হয়।
