রেলস্টেশন থেকে চুরি যাওয়া ব্যাগ ৩০ ঘণ্টার মধ্যেই উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ এএম

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এক যাত্রীর আট ভরি স্বর্ণালংকার, জমির মূল দলিলপত্র, নগদ অর্থসহ ব্যাগ চুরির ঘটনার মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই সেটি উদ্ধার করেছে র‌্যাব-১৪। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত দুজন পেশাদার চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তারা।

গতকাল র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী আতিকুর রহমান (৪৭) নেত্রকোনার কলমাকান্দার বাসিন্দা। তিনি গত ২৫ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে পরিবারসহ নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। দুপুর ১টা ৪৫ মিনিটে ট্রেন ছাড়ার পর তিনি তার ব্যাগটি সিটের উপরের বাংকারে রাখেন। ব্যাগটিতে ছিল জমির মূল দলিলপত্র, ৮ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রা বিরতি করলে তিনি নামাজ পড়তে জিআরপি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান বাংকারে রাখা ব্যাগটি চুরি হয়ে গেছে।

পরে আতিকুর রহমান ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি মামলা করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। একইসঙ্গে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্তে অভিযান শুরু করে তারা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ নগরীর সেহড়া ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করে। তারা হলেন মো. বাবুল (৩২) ও রণি বনিক (৩৫)। গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী, র‌্যাব সব মালামালসহ চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত