গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খানের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী সদস্য।
বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মর্জিনা বেগম থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। তিনি উপজেলা আওয়ামী লীগেরও সাবেক সাধারণ সম্পাদক। চেয়ারম্যান আওয়ামী লীগের দাপট দেখিয়ে ওই নারী সদস্যকে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ মারধর করেন। ভুক্তভোগী ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, পূর্বনির্ধারিত তারিখ মোতাবেক এলাকার ৩টি ওয়ার্ডের ২০ জন গরিব নারীসহ ওই দিন সকালে বাড়িয়া ইউনিয়ন পরিষদে যান তিনি। তখন সব মেম্বারকে ২০টি করে কার্ডের চাল বিতরণ করলেও তার দেওয়া ২০ জন কার্ডধারীর মধ্যে ১৩ জনকে চাল দেওয়া হয়। বাকি ৭ জনের অনুমোদিত কার্ড নেই বলে সচিব জানান।
তিনি আরও বলেন, ‘আমার ৭ জন লোকের কার্ড না থাকার কারণ জানতে চাইলে চেয়ারম্যান হাবিবুর রহমান খান ক্ষিপ্ত হন। কথা কাটাকাটির এক পর্যায়ে লোক দিয়ে ডেকে ইউনিয়ন পরিষদের দোতলায় নিয়ে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পরিষদ থেকে বের হয়ে যেতে বলেন। খারাপ আচরণের প্রতিবাদ করলে চেয়ারম্যান আমাকে চড়থাপ্পড় মেরে জনসম্মুখে অপদস্থ ও লাঞ্ছিত করে পরিষদ থেকে বের করে দেন।’ এ ব্যাপারে জানতে চাইলে চেয়াম্যান হাবিবুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
