রিমান্ডের আদেশ শুনে অসুস্থ সেই মার্কিন নাগরিক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ এএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের পরিবারের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকার সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আদালতে রিমান্ডের আদেশ শুনে অসুস্থ হয়ে কাঠগড়ায় রাখা বেঞ্চে ঢলে পড়েন আসামি এনায়েত। একপর্যায়ে পুলিশ সদস্যদের কাঁধে ভর করে হাজতখানায় নিয়ে যাওয়া হয় তাকে। অন্তর্র্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত ১৩ সেপ্টেম্বর পুলিশ রমনা এলাকা থেকে এনায়েত করিমকে গ্রেপ্তার করে। পরে আদালতের আদেশে তাকে রিমান্ডে নেওয়া হয়।

পরে বেনজীর পরিবারের অর্থ পাচার অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছর ২০ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা, জ্যেষ্ঠ কন্যা ফারহীন রিশতা বিনতে বেনজীর ও মেজো কন্যা তাহসীন রাইসা বিনতে বেনজীরের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা অবৈধভাবে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়। মামলার অনুসন্ধান চলাকালে বেনজীরের অর্থ পাচারের সঙ্গে আসামি এনায়েত করিম চৌধুরীর সংশ্লিষ্টতা পায় দুদক।

মামলার এজাহারে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার অপরাধলব্ধ ১১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা নগদে উত্তোলনের পর কোথাও বিনিয়োগ করার প্রমাণ পাওয়া যায়নি। অর্থ উত্তোলনের পরই বিদেশে চলে যান। ফলে নগদে উত্তোলিত অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করার লক্ষ্যে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের মাধ্যমে অবৈধভাবে বিদেশে পাচার করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলাটি হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত