বিতর্কিত এশিয়া কাপ ট্রফি হস্তান্তরের দায়িত্ব পড়লো বাংলাদেশসহ পাঁচ টেস্ট খেলুড়ে দেশের ওপর

 

 
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০১:৩১ এএম

এশিয়া কাপ জেতার পরও ট্রফি কিংবা মেডেল গ্রহণ করেনি ভারত। এ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেটি আবারও পিছিয়ে গিয়েছে। মঙ্গলবার  দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এসিসি এ বিষয়ে চূড়ান্ত সমাধানের দায়িত্ব দিয়েছে পাঁচ টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে।

মূলত ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোর পর তিনি সেটি নিয়ে যান। এরপর থেকেই ট্রফিটিকে ঘিরে অচলাবস্থা সৃষ্টি হয়। এখন পাঁচ বোর্ড—বিসিসিআই, বিসিবি, এসএলসি, এসিবি এবং পিসিবি নিজেদের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক করে সমাধান খুঁজবে। অফলাইনে বৈঠক করার নির্দেশও দেওয়া হয়েছে। বিসিসিআই এরই মধ্যে বিষয়টি আইসিসি পর্যন্ত নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

এদিনি এসিসির সভায় সভাপতিত্ব করেন মহসিন নাকভি। ভারতের পক্ষ থেকে রাজীব শুক্লা ও আশিষ শেলার ভার্চুয়ালি অংশ নেন। বৈঠকের এজেন্ডায় আরও দুটি বিষয় ছিল— সহ-সভাপতি নির্বাচন এবং অনূর্ধ্ব–১৯ ও উদীয়মান খেলোয়াড়দের টুর্নামেন্টসহ অন্যান্য সূচি চূড়ান্ত করা। তবে এগুলো নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত