বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের হামলায় রাহুল সরকার (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ায় অতর্কিত হামলার শিকার হয়ে তিনি নিহত হন। বিকেল সোয়া ৪টার দিকে কাহালু থানার ওসি নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত সোমবার নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আলোকবালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া।
বগুড়ায় নিহত রাহুল সরকার ছিলেন শহর যুবদলের ১৩ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক এবং শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আ. সোবাহান সরকারের ছেলে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রাহুল সরকার মাগুরা গ্রামের উত্তর পাড়ায় যান। সেখানে তার লিজ নেওয়া একটি পুকুরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় রাহুল ঘটনাস্থলেই মারা যান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শহর যুবদলের প্রচার সম্পাদক ওয়াসিম রেজা জানান, এ ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।’
কাহালু থানার ওসি নিতাই চন্দ্র দাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।’
