ডাকসু নির্বাচন

নীলক্ষেতে ব্যালট ছাপানো প্রসঙ্গে তদন্ত করছে ঢাবি প্রশাসন

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৭:৪২ এএম

রাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো নিয়ে এবার অধিকতর তদন্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যালট পেপার সংক্রান্ত যে অভিযোগটি উঠেছে, তা কমিশন অতীব গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। ইতিমধ্যে এ বিষয়ে অধিকতর তদন্তের কাজ চলমান রয়েছে। শিগগির একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিশন সব বিষয়ে বিস্তারিত উত্তর দেবে বলে জানানো হয়।

সেখানে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-পরবর্তী বিভিন্ন অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গঠনতন্ত্রের ৬৯ নম্বর ধারার আলোকে ১৫টি অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়ে গত বৃহস্পতিবার লিখিত জবাব দেওয়া হয়েছে।

অন্য অভিযোগ ও জিজ্ঞাসার বিষয়েও ক্রমান্বয়ে জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে সংবাদ সম্মেলনে নীলক্ষেতে নকল ব্যালট পেপার ছাপিয়ে ভোট কারচুপির অভিযোগ তোলেন ছাত্রদল-সমর্থিত প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় ৭১, অদম্য ২৪, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদসহ কয়েকজন প্রার্থী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত