দেশি-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের মূল উদ্দেশ্য হচ্ছে জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তি। সে কারণে দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্ন স্থানে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল এবং জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।’
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) নেতারা সাক্ষাৎ করতে এলে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নন, তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা করছেন। দেশের তরুণ প্রজন্ম দেড় যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের তরুণসমাজ তাদের ক্ষমা করবে না।’
এ্যাব নেতাদের উদ্দেশে রিজভী বলেন, ‘দেশের সর্বোচ্চ মেধাবীরাই বুয়েটে ভর্তি হতে পারেন। তাদের অভিজ্ঞতা সংগঠনে লাগাবেন। দেশকে কীভাবে পুনর্গঠন করা যায়, আপনাদের মতামতকে প্রাধান্য দেবে বিএনপি। আমি আশাবাদী, এ্যাবের এ কমিটি সফলতা বয়ে আনবে।’
