যত বাধাই আসুক ড. ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতে নির্বাচন

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:১০ এএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন সামনে রেখে যত বাধাই আসুক, জনগণ তা প্রতিহত করবে। এটিই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন সরকারের বৈধতা এবং জনগণের সঙ্গে সামাজিক চুক্তির প্রতিফলন।’

গতকাল বুধবার বেলা ১১টায় ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মুনশি কামাল আজাদ পান্নু।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পৃথিবীর সব সভ্যতায় গঠিত সরকারগুলোর মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ। যারা দেশের জনগণকে জিম্মি করে রেখেছিল, তারা আগামী নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। এটিই বর্তমান সরকারের সঙ্গে জনগণের সামাজিক চুক্তি।’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘অনেকে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৯ সাল থেকে লাখ লাখ মানুষ রাজনৈতিক হামলা ও মামলার শিকার হয়েছেন। হাজার হাজার মানুষ গুম হয়েছেন এবং বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিদায়ের সময় যখন সাংবিধানিক সব পথ বন্ধ হয়ে গিয়েছিল, তখন দেশের ছাত্র-জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। ছাত্র-জনতার এই বিজয় দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিই বর্তমান সরকারের বৈধতার ভিত্তি। জনগণ এ সরকারকে এই ক্ষমতা দিয়েছে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সহসভাপতি জাহিদুজ্জামান মনা, মো. আক্তারুজ্জামান এবং মো. জাহিদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত