আটক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভয়ংকর সন্ত্রাসী সাহেব আলীকে আটক করেও রাখতে পারেনি র‌্যাব সদস্যরা। সাহেব আলীর সহযোগীরা র‌্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়েছে। হামলায় আহত হয়েছেন র‌্যাবের তিন সদস্যসহ চারজন। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় আটি ওয়াপদা কলোনি বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও র‌্যাব-১১ এর সিপিএসসি লে. কমা-ার মো. নাঈম উল হক।

সাহেব আলী (৩৮) ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে।

জানা গেছে, এক সহযোগীসহ সাহেব আলীকে আটক করে র‌্যাবের একটি আভিযানিক দল।  সে সময় দুজন র‌্যাব সদস্যের পাহারায় তাদের ওয়াপদা কলোনি বউবাজার তিন রাস্তার মোড়ে একটি চা দোকানে রেখে তার অন্য সহযোগীদের আটক করতে যান অন্য সদস্যরা। তখন সাহেব আলীর সহযোগীরা র‌্যাব সদস্যের ওপর আকস্মিক হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে একজন গুরুতর আহতসহ র‌্যাবের তিন সদস্য এবং রানা নামে স্থানীয় এক বাসিন্দা আহত হন।

স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, ‘আমি এসে দেখি সন্ত্রাসী সাহেব আলী ও তার এক সহযোগীকে আটক করে দুজন র‌্যাব সদস্য শীতলের চা দোকানে বসে আছেন। সে সময় আট-দশজনের একটি বাহিনী এসে ইটপাটকেল নিক্ষেপ ও দোকানের দিকে র‌্যাব সদস্যদের ওপর আক্রমণ করে তাদের ছিনিয়ে নেয়।’

আরেকজন প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন বলেন, ‘আমি এসে দেখি একজন র‌্যাব সদস্য রক্তাক্ত অবস্থায় বিসমিল্লাহ ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন।’

র‌্যাবের সিপিএসসি লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে বউবাজার এলাকায় যায়। সে সময় একদল সন্ত্রাসী তাদের আক্রমণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত