ঈশ্বরগঞ্জে এক রাতে ৮ গরু চুরি আতঙ্কে খামারিরা

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১২:১৬ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামারির আটটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের চরনিখলা গ্রামের আবদিয়া এগ্রো নামে একটি খামার থেকে গরুগুলো চুরি হয়। এতে ওই এলাকায় খামারিদের মধ্যে গরুচুরি আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আবদিয়া এগ্রোর মালিক মো. আরিফ হোসেন সায়মন।

খামারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের চার সদস্য গত বুধবার রাত সাড়ে ৪টার দিকে খামারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। খামারে থাকা আটটি ষাঁড় গরু নীল রঙের একটি পিকাপ ভ্যানে ভরে নিয়ে যায় চোর চক্র।

খামারের কর্মচারী (পাহারাদার) আল-আমিন (৪০) বলেন, ‘রাত ২টা পর্যন্ত আমি সজাগ ছিলাম। সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে দেখি খামারের বেড়ায় মুড়ানো পর্দা খোলা অবস্থায় পড়ে আছে। তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখি খামারের দরজার তালা ভাঙা এবং ভেতরে একটা গরুও নেই।

খামারের মালিক মো. আরিফ হোসেন সায়মন (৩৭) বলেন, ‘সিসিটিভির ফুটেজে  শুনা গেছে ফজরের আজানের আওয়াজ, শোনা যায় গরুর হাম্বা হাম্বা শব্দও। খামারে থাকা আটটি গরুর আনুমানিক মূল্য ৯ লাখ টাকা। অনেক কষ্ট করে তিলে তিলে আমি খামারটি গড়ে তুলেছিলাম। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন খামারি সায়মন। এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ  থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল সরেজমিনে খামার পরিদর্শন করেছি। খামারির অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজুর প্রস্তুতি চলছে। খামারির গরুগুলো উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত