সুন্দরবনে জিম্মি চার জেলে মুক্ত, তিনটি অস্ত্র উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০১:১০ এএম

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে মুক্তিপণের দাবিতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে কোস্ট গার্ড।

গতকাল শুক্রবার ভোরে সুন্দরবনের শিপসা নদের আড়বাউনি খাল এলাকায় অভিযান চালিয়ে কোস্ট গার্ড অপহৃত এই চার জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয় বলে দাবি কোস্ট গার্ডের। শুক্রবার বিকেল ৩টায় কোস্ট গার্ড সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বন্দুক, দুটি এয়ারগান এবং তিনটি গুলি। উদ্ধার হওয়া জেলেরা হলেন, মফিজুল ইসলাম, হাবিবুর রহমান, মো. হাবিবুর ও শাহজাহান গাজী। এদের বাড়ি খুলনা ও সাতক্ষীরা জেলায়।

বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ বলেন, ১০ দিন আগে সুন্দরবনের নদী-খালে মাছ শিকার করতে যাওয়া চার জেলেকে মুক্তিপণের দাবিতে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অপহরণ করে জিম্মি করে রাখার সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি দল সুন্দরবনের শিপসা নদের আড়বাউনি খাল এলাকায় অভিযানে যায়। সেখানে পৌঁছে বনদস্যুদের আত্মসমর্পণের উদ্দেশে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তারা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জিম্মি রাখা জেলেদের ফেলে রেখে বনের গহিনে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড সেখানে গিয়ে নৌকায় তল্লাশি চালিয়ে একটি বন্দুক, দুটি এয়ারগান ও তিনটি তাজা গুলি উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত