জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।’
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের শাসনামলে দেশের সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছিল। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে দায়িত্বপালনের সময় যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন না, তারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য আগামীতেও চাকরি করবেন। তবে যারা আওয়ামী লীগের নির্দেশে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় নিয়ে আইনগত সিদ্ধান্ত নেবেন।
এর আগে সকাল ১০টায় ঢাকায় ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সঙ্গে স্থানীয় জেলার স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ কাজল।
ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, ঢাকায় ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন, ফোরামের নেতা মাসুম বিল্লাহ, ফারহানা তাহের তিথি, ঝিনাইদহ প্রেস ক্লাব সিনিয়র সাংবাদিক বিমল সাহা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এমন রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, ঝিনাইদহ টেলিভিশন ফোরামের শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এমন রাসেল, বাসস প্রতিনিধি শাহজাহান নবীন,
ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা।
