মিরপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩১ এএম

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে শেওড়াপাড়ায় ২৬৬ নম্বর মেট্রোরেল পিলারের কাছে ওই বাসটিতে আগুন দেওয়া হয়।

বাসে আগুনের ঘটনাটি নিশ্চিত করে কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন গতকাল বিকেলে বলেন, সকাল সোয়া ৭টার দিকে দুই তিনজন এসে সব যাত্রীদের নামিয়ে দিয়ে বাসটিতে আগুন দেয়। আলিফ পরিবহনের বাসটি মিরপুর থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিল।

ওই বাসের চালক, সহকারী এবং মালিক পক্ষের বরাত দিয়ে ওসি আরও বলেন, বাসের  চেকার নিয়োগকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। এই নিয়োগের বিরোধ নিয়ে বাসে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নিয়ে অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাফরুল থানার ওসি আবদুল্লাহ আল মামুন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা জেনেছি কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত চলে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে বাসটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত