কুমিল্লায় পিস্তলসহ যুবদল কর্মী গ্রেপ্তার

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১০:০৫ পিএম

কুমিল্লা সদর দক্ষিণে রাসেল হোসেন নামের এক যুবদল কর্মীকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার চৌয়ারা ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল হোসেন উপজেলার রামপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি চৌয়ারা ইউনিয়ন যুবদলের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাঁস চুরির অভিযোগকে কেন্দ্র করে আব্দুল্লাহপুর গ্রামের কিছু লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাসেল। একপর্যায়ে তিনি প্রতিপক্ষকে ভয় দেখাতে প্রকাশ্যে পিস্তল বের করে হুমকি দেন। এতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ রাসেলকে গ্রেপ্তার করে। 

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ‘যুবদলে কোনো সন্ত্রাসীর স্থান নেই। রাসেল যুবদলের কর্মী কি না, তা খোঁজ নিয়ে দেখছি। যদি দলের সঙ্গে সম্পৃক্ততা থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, এর আগেও রাসেলকে একটি খেলনা পিস্তলসহ র‌্যাব গ্রেপ্তার করেছিল। ওই ঘটনাসহ তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত