পবিত্র কোরআন অবমাননা করার অভিযোগে করা মামলায় ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ আলী আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওগুলোতে অপূর্ব পালের কোরআন অবমাননার অভিযোগ তোলা হয়। বিভিন্ন পোস্টে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ গ্রেপ্তারের দাবি ওঠে। রাত ১টার দিকে অপূর্ব পালের বাসার সামনে উত্তেজিত জনতা জড়ো হতে থাকে। খবর পেয়ে ভাটারা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
