তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে এক তীব্র তুষারঝড়ে অন্তত ১,০০০ জন পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েছেন। প্রায় ১৬,০০০ ফুট উচ্চতায় আটকে পড়া এসব মানুষের মধ্য থেকে ইতোমধ্যে ৩৫০ জনকে উদ্ধার করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় পর্যটকেরা আটকা পরেন। ওই এলাকার প্রবেশপথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে নিতে উদ্ধারকারীরা কাজ করছেন। শত শত স্থানীয় বাসিন্দাও তাদের এই কাজে সহায়তা করছেন।
তিব্বতে এভারেস্টের পূর্ব দিকের এই ঢাল পর্বতারোহীদের কাছে খুবই জনপ্রিয়। গত শুক্রবার সন্ধ্যায় সেখানে ভারী তুষারপাত শুরু হয় এবং ক্রমেই তা বাড়তে থাকে।
পর্বতারোহীদের এক গাইড রয়টার্সকে বলেন, তীব্র শীতের কারণে হাইপোথারমিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। তিনি বলেন, এ বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। তিনি আগে কখনো অক্টোবর মাসে এমন আবহাওয়া দেখেননি।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তিব্বতের উদ্ধারকারী দল ‘ব্লু স্কাই রেসকিউ’-এর কাছে সাহায্য চেয়ে একটি ফোন আসে। তাদের জানানো হয়, প্রচণ্ড তুষারপাতের কারণে ক্যাম্পের তাঁবুগুলো ভেঙে পড়েছে এবং কয়েকজন পর্বতারোহী ইতোমধ্যে হাইপোথারমিয়ায় আক্রান্ত হয়েছেন।
স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন প্রতিষ্ঠান গত শনিবার রাত থেকে এভারেস্টে ভ্রমণের টিকিট বিক্রি এবং দর্শনীয় এলাকায় প্রবেশ বন্ধ করে দিয়েছে।
এদিকে, এ অঞ্চলে এখন আবহাওয়া চরমভাবাপন্ন। নেপালে ভারী বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধস এবং হঠাৎ বন্যায় ৪৭ জনের প্রাণহানি হয়েছে। চীনে টাইফুন ম্যাটমোর কারণে প্রায় দেড় লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটারের বেশি। প্রতিবছর বহু মানুষ এই শৃঙ্গে ওঠার চেষ্টা করেন, তবে এটি অত্যন্ত বিপজ্জনক।
