নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। শক্তি, সামর্থ্য, ঐতিহ্য সব দিক দিয়েই নারী ক্রিকেটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ইংল্যান্ড। এবার বিশ্বকাপে বাংলাদেশ মিশন শুরু করে পাকিস্তানকে হারিয়ে। আর ইংলিশরা গুঁড়িয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। র্যাংকিংয়ে ইংল্যান্ড দুই নম্বরে, চারবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে তারা। আজ বাংলাদেশ কতটা ভালো খেলতে পারে ইংল্যান্ডের বিপক্ষে, সেটি দেখার।
কলম্বোয় নিজেদের প্রথম ম্যাচে দারুণ বোলিংয়ে বাংলাদেশ পাকিস্তানকে আটকে দিয়েছিল ১২৯ রানে। সেই ম্যাচের পর পেসার মারুফা আক্তার ভাসছেন প্রশংসায়। তার নেওয়া দুটি উইকেটই ছিল প্রতিপক্ষের খেলোয়াড়কে বোল্ড করে। একটি ডেলিভারিকে বিশ্বকাপের সেরা বলেছেন, শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গা। এবার ইংলিশদের বিপক্ষেও তার দিকে তাকিয়ে থাকবে দল। বাংলাদেশের ব্যাটিং আগের ম্যাচে তেমন একটা পরীক্ষায় পড়েনি। তবে আজ ইংলিশদের সামনে দিতে হবে বড় পরীক্ষাই। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ভারতের গুয়াহাটি। এ মাঠেই আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে তারা অলআউট করে মাত্র ৬৯ রানে। পরে ম্যাচটি জেতে ১০ উইকেট ও ২১৫ বল হাতে রেখে। গুয়াহাটির বরষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে স্পিনাররা সহায়তা পাবেন। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে স্পিনারদের দাপট।
বাংলাদেশ নারী দলের স্কোয়াডে বোলার ও অলরাউন্ড ক্যাটাগরি মিলে সাতজন স্পিনার আছেন। এ ছাড়া ব্যাটসম্যান সোবহানা মোস্তারিও অফব্রেক বল করতে পারেন। ইংল্যান্ডও তৈরি হয়েই এসেছে বিশ্বকাপে। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার লিনসে স্মিথ। চার ওভারে দুই মেডেনসহ মাত্র সাত রানে দুই উইকেট নেন স্মিথ।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে অলরাউন্ডার চার্লি ডিন বলেন, ‘তারা (বাংলাদেশ) পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে শুরুতে। বাংলাদেশের বোলিং আক্রমণ ভালো। এ ধরনের কন্ডিশনে তারা ভালো খেলে। মারুফা হয়তো শুরু থেকেই বল সুইং করাবে। আমরা ৫০ ওভার ব্যাট করতে পারলে ভালো সংগ্রহ করার চেষ্টা করব।’
বাংলাদেশ ও ইংল্যান্ড ওয়ানডে ফরম্যাটে এর আগে একবারই মুখোমুখি হয়েছে। সেটিও ছিল বিশ্বকাপের মঞ্চেই। ২০২২ বিশ্বকাপের সেই ম্যাচে ওয়েলিংটনে ইংল্যান্ড আগে ব্যাট করে তুলেছিল ৬ উইকেটে ২৩৪ রান। জবাবে বাংলাদেশ ৪৮ ওভার ব্যাট করে অলআউট হয় ১৩৪ রানে।
