বাংলাদেশ থেকে অপরিশোধিত রাইস ব্রান তেল আমদানি করতে চায় জাপানের শীর্ষ রাইস ব্রান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সানওয়া ইউশি কোম্পানি লিমিটেড। গতকাল সোমবার বিকেলে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে ‘বাংলাদেশে রাইস ব্রান তেলের বাজার চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানান জাপানের সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর। তিনি বাংলাদেশে ভোজ্যতেলের বাজার সম্ভাবনা, চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
মতবিনিময় সভায় সানওয়া ইউশি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়োজাইমন ইয়ামাগুচি জানান, জাপানে ভোজ্যতেলের মোট চাহিদার ৩০ থেকে ৪০ ভাগের জোগান দেয় রাইস ব্রান তেল উৎপাদনকারীরা। তবে চাহিদার তুলনায় জাপানের ভোজ্যতেল উৎপাদন সক্ষমতা কম বলেও উল্লেখ করেন তিনি।
