কুমিল্লায় ঋণের টাকা না পেয়ে বৃদ্ধকে নির্যাতন, যুবক আটক

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৯ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বোরহান উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার রসুলপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে বৃদ্ধ আলী আকবরকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে ওই দিন বিকেলে তাঁর ওপর নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রসুলপুর গ্রামের আবুল কালাম ও তাঁর ছেলে বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। প্রায় দুই বছর আগে আলী আকবর তাঁর ছেলেকে বিদেশ পাঠানোর জন্য বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পরবর্তীতে বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা ফেরত চান। টাকা পরিশোধে দেরি হওয়ায় সোমবার সকালে তিনি আলী আকবরকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন এবং নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় লোকজন জানান, নির্যাতনের ফলে আলী আকবর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আলী আকবরের ছেলে ইব্রাহীম খলিল বলেন, “আমার বাবা কিছুদিন সময় চেয়েছিলেন টাকা পরিশোধের জন্য। কিন্তু বোরহান সময় না দিয়ে তাঁকে অমানবিকভাবে নির্যাতন করেছে। এখন আমরা বিচার কার কাছে চাইব?”

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, বোরহান একাই ওই বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। রাতেই বোরহানকে আটক করা হয়েছে। 

ওসি আরও জানান, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত