নড়াইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরামর্শ কর্মশালা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম

টাইফয়েড জ্বর প্রতিরোধে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” উপলক্ষে নড়াইলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস, নড়াইল ও গণসংযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণসংযোগ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (অর্থ ও লজিস্টিক) মিস নাসিমা খাতুন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না এবং নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলমান “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” সফলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয় ও কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

এ ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ২ লাখ ১৩ হাজার ৭১৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার শিক্ষার্থী স্কুলপর্যায়ের।

এর আগে সকাল ১০টায় সিভিল সার্জন অফিস, নড়াইলের আয়োজনে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” উপলক্ষে এক প্রেস কনফারেন্স সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. আব্দুর রশীদের সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পি, ইপিআই অফিসার মো. হাবিবুর রহমান, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত