মৌচাকে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ এএম

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকানের তালা ভেঙে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে মৌচাক মোড়ের ফরচুন শপিং মলের দোতলায় অবস্থিত ৩৪ নম্বর দোকান ‘শম্পা জুয়েলার্স’-এ চুরির এ ঘটনা সংঘটিত হয়। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। এর আগে গত রবিবার যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানে চুরি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শপিং মলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, বোরকা পরিহিত দুই ব্যক্তি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তাদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে শপিং মলের দারোয়ান ফোন করে জানান, দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব শেষ, একটি স্বর্ণালংকারও নেই। দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণ সাজানো ছিল। এ ছাড়া ১০০ ভরির বেশি বন্ধকি স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা নগদ ছিল। সবকিছু চুরি হয়ে গেছে। আমি এখন নিঃস্ব। আমার আর কিছু করার নেই।’

শপিং মলের নিরাপত্তাকর্মীদের প্রতি সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘মার্কেটের দারোয়ানরা এ ঘটনায় জড়িত বলে আমার ধারণা। তাদের সহযোগিতা ছাড়া এ ধরনের চুরি সম্ভব নয়। দারোয়ানদের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদ করলে সত্য বেরিয়ে আসবে।’

গতকাল বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা প্রকাশ্যে আসার পর রমনা থানা-পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল এবং সিআইডির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার কাজ শুরু করেছেন।

এদিকে, কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও শপিং মল থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘মালিবাগের ফরচুন শপিং মলের দোতলায় শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। দোকানের মালিক মামলার আবেদন নিয়ে থানায় এসেছেন। আমরা চোরদের শনাক্ত করতে কাজ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, শপিং মলের পেছনের তৃতীয়তলার জানালার গ্রিল ভাঙা। ধারণা করা হচ্ছে, চোররা এই পথ দিয়ে শপিং মলে প্রবেশ করেছে। পরে তারা দোতলায় শম্পা জুয়েলার্সের শাটার ভেঙে ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।’

এর আগে, গত রবিবার যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও পৌনে ৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় মঙ্গলবার মামলা হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত