বাবা-মাকে হত্যার পর মেঝেতে লাশ পুঁতে রাখেন ছেলে

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ এএম

বাবা ও মাকে হত্যার পর তাদের লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহের ত্রিশাল থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈলর বাসকুঁড়ি গ্রাম থেকে মোহাম্মদ আলী (৬৫) ও বানু বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ছেলে রাজু আহমেদকে (৩৫) আটক করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার দিনের কোনো এক সময় রাজু তার মাকে গলা টিপে এবং মাঝরাতে তার বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর লাশ দুটি বসতঘরে গর্ত খুঁড়ে পুঁতে রাখেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন বলেন, ‘বুধবার রাতে মোহাম্মদ আলী আমাদের সঙ্গে এশার নামাজ পড়েছেন। কিন্তু বৃহস্পতিবার ফজর ও জোহরের নামাজে তিনি মসজিদে আসেননি। এতে আমাদের সন্দেহ হয়।’

আরেক বাসিন্দা মোখলেসুর রহমান বলেন, ‘রাজু বখাটে প্রকৃতির। কিছুদিন আগে সে তার বাবার জমি বিক্রি করে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। সম্প্রতি টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করছিল।’

আলামিন নামে আরেকজন বলেন, সকালে (বৃহস্পতিবার) রাজু আমাদের বলে, তার বাবা-মা নাকি নিখোঁজ। আমরা তাকে নিয়ে এলাকায় খোঁজাখুঁজি করি। কিন্তু বিকেলে জানতে পারি, সে নিজেই বাবা-মাকে হত্যা করেছে।’

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু হত্যার কথা স্বীকার করেছেন। তিনি মায়ের গলা টিপে এবং বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেছেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি জানান, রাজুর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের প্রক্রিয়া চলছে। ঘটনার পেছনে পারিবারিক কলহ ও সম্পত্তি-সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে রাজুকে থানা হেফাজতে রাখা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত