চ্যাটজিপিটি অ্যাপেই স্পটিফাই, ক্যানভা ও অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। গত সোমবার ‘ডেভডে’ ইভেন্টে নতুন এ ফিচারটির ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এমনটি কোম্পানির নতুন ‘অ্যাপস এসডিকে’র মাধ্যমে সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। চ্যাটজিপিটি কিছু নির্দিষ্ট অ্যাপের সঙ্গে মিলে কাজ করছে এবং ভবিষ্যতে এতে আরও অ্যাপ যোগ হবে। পাশাপাশি নতুন এক নিয়মও তৈরি করছে ওপেনএআই, যেখানে নিজেদের তৈরি অ্যাপ চ্যাটজিপিটিতে যোগ করে আয়ের সুযোগ পাবেন ডেভেলপাররা। চ্যাটজিপিটি ব্যবহারকারী হিসেবে এখন থার্ড পার্টির এসব অ্যাপ ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কেবল সেই অ্যাপটির নাম চ্যাটজিপিটির সঙ্গে আলাপের সময় উল্লেখ করলেই চলবে।
যেমন কেউ যদি চ্যাটজিপিটিকে বলেন, ‘স্পটিফাই আমার এ শুক্রবারের পার্টির জন্য একটি প্লেলিস্ট তৈরি করো’, তাহলে স্পটিফাই-এর সাহায্যে ব্যবহারকারীর জন্য একটি প্লেলিস্ট সাজানোর কাজ শুরু করবে চ্যাটজিপিটি। এক্ষেত্রে প্রথমবার কোনো অ্যাপ ব্যবহারের সময় ব্যবহারকারীকে নিজের অ্যাকাউন্টটি চ্যাটজিপিটির সঙ্গে যোগ করতে বলবে ওপেনএআই। স্পটিফাইয়ের ক্ষেত্রে ব্যবহারকারীর মুড, থিম বা নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর ভিত্তি করে গান সাজিয়ে দিতে পারবে এআই অ্যাপটি। সবশেষে একটি ইন্টারফেইস ব্যবহারকারীকে স্পটিফাইয়ের মূল অ্যাপে নিয়ে যাবে, যেখানে ব্যবহারকারী চ্যাটজিপিটির তৈরি প্লেলিস্ট শুনতে পারবেন। চ্যাটজিপিটি অ্যাপের সঙ্গে সংযোগ নিয়ে স্পটিফাই বলেছে, ‘এখনো বিষয়টি শুরুর পর্যায়ে রয়েছে। ফলে সব ধরনের অনুরোধ পূরণ করা হয়তো এখনই সম্ভব হবে না। তবে আমরা নিয়মিত এই অভিজ্ঞতাকে আরও ভালো করতে কাজ করে যাব। আগামী কয়েক সপ্তাহ ও মাসে এটি আরও উন্নত হবে।’ স্পটিফাইয়ের মতো ক্যানভাও এখন চ্যাটজিপিটি অ্যাপেই কাজ করবে। যেমন এখন ক্যানভা ব্যবহার করে এমন কয়েকটি পোস্টার তৈরি করতে পারবেন ব্যবহারকারী, যা নিয়ে তিনি হয়তো আগে চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা করেছিলেন। ঘোষণায় ওপেনএআই বলেছে, চ্যাটজিপিটি অ্যাপে স্পটিফাই, ক্যানভা ছাড়াও ‘কোরসেরা’, ‘ফিগমা’ ও ‘জিলো’র সংযোগ থাকবে। আগামী কয়েক সপ্তাহে ‘ডোরড্যাশ’, ‘ওপেনটেবল’, ‘টার্গেট’ এবং ‘উবার’ও চ্যাটজিপিটি অ্যাপে যোগ হবে। এ বছরের শেষ দিকে চ্যাটজিপিটিতে প্রকাশের ক্ষেত্রে পর্যালোচনা ও প্রকাশনার জন্য ডেভেলপারদের কাছ থেকে অ্যাপ জমা নেওয়া শুরু করবে ওপেনএআই।
