টাঙ্গাইলের মির্জাপুরে অ্যাম্বুলেন্সে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক কারখানাকর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালকসহ আরও দুই কারখানা কর্মী।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ধেরুয়া এলাকায় অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় নাসির গ্লাস ফ্যাক্টরির আব্দুল্লাহ (১৮) নামের কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার কামারদহ গ্রামের আলম মোল্লার ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
এ ছাড়া একই শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বায়েজিদ, জীবন ও অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ শামীম আহত হয়েছেন বলে জানিয়েছেন গোড়াই হাইওয়ে থানার উপ পরিদর্শক আনিসুর রহমান।
উপ পরিদর্শক আনিসুর রহমান বলেন, সন্ধ্যায় অ্যাম্বুলেন্সটি মহাসড়কে থেমে ছিল। সেসময় নাসির গ্লাস ফ্যাক্টরির কিছু কর্মী ও অ্যাম্বুলেন্সটির আশপাশে অবস্থান করছিল। এমন সময় ঢাকামুখী বালুবোঝাই একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার ওসি বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
ইয়ামালের বয়স কম, ওকে শান্তিতে থাকতে দিন: এমবাপ্পে
লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি