জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক দিবস উপলক্ষে দুইদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে অনেক মানুষের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে। সেখানে ডাক বিভাগ ঠিকানা হালনাগাদের মাধ্যমে অবদান রাখতে পারে। আর ঠিকানা ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি।
তিনি বলেন, এখন মন চাইলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে। একজন পোস্ট দিয়েছে সেটা দেখে যাচাই-বাছাই না করেই অন্যরাও পোস্ট দিচ্ছে। কিন্তু চিঠির যুগে এমনটা সম্ভব ছিল না। তখন কেউ চাইলেই একজন সম্পর্কে ভুল কিছু বলতে পারত না।
এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সেবার মান উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরে ডাক বিভাগকে ই-কমার্সের সঙ্গে সংযুক্ত করা হবে। মানুষের মধ্যে ই-কমার্সের ওপর যে আস্থাহীনতা রয়েছে, তা দূর করতে কাজ করবে ডাক বিভাগ।
