ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৩

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ এএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৩ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭, ঢাকা বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটিতে ১৪৭, ঢাকা দক্ষিণ সিটিতে ১২২, খুলনা বিভাগে ৯৩, ময়মনসিংহ বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ৬৯, রংপুর বিভাগে ২৩ ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ৫৪ হাজার ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছে তাদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, একজন কুর্মিটেলা জেনারেল হাসপাতালে, একজন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩০ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৮৫৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে ৫১ হাজার ৭৮৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৫৪৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত