কয়েকজনের কারণে প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা যাবে না

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৬ এএম

গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, সুনির্দিষ্ট কয়েকজনের কারণে প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যাবে না। গতকাল রবিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্ধ সহযোগী ছিলেন। এর ফলে গুম এবং খুনের একটি ভীতিকর পরিবেশ দেশে সৃষ্টি হয়েছিল, যা একটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়।’

তিনি লেখেন, ‘তবে সুনির্দিষ্ট কয়েকজন ব্যক্তির অপরাধের কারণে পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত হতে দেওয়া যায় না। অপরাধের দায় শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপরই বর্তাবে।’

জামায়াত আমির আরও লেখেন, ‘আমরা আশা করি, কারও ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া হবে না। স্বচ্ছ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে যেমন অতীতের দায় মুছে যাবে, তেমনি ভবিষ্যতে কেউ নিজের পেশা বা পরিচয়কে কাজে লাগিয়ে জনগণের জানমালের ক্ষতিসাধন থেকে বিরত থাকতে বাধ্য হবেন। পরিণতিতে দীর্ঘ মেয়াদে জাতি উপকৃত হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত