বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, শতভাগ রপ্তানিমুখী সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধা দেওয়াসহ আটটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আরও সাতটি সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার আগারগাঁওয়ের বিডা ভবনে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) আয়োজিত উচ্চপর্যায়ের এক পরামর্শ সভায় তিনি এ তথ্য জানান। গভীর সমুদ্র মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে মিডা।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং কক্সবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিদ্ধান্তগুলো হলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিনিয়োগকারীদের জন্য লং-লাইনার ও সাপোর্ট ভেসেল অনুমোদন এবং গভীর সমুদ্রে মৎস্য আহরণ লাইসেন্স দেওয়া। কক্সবাজারের খুরুশকুল এলাকায় গভীর সমুদ্র ট্রলার জেটি স্থাপনের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। শতভাগ রপ্তানিমুখী সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কাঁচামাল আমদানিতে বন্ডেড সুবিধা দেওয়া। স্ক্যালপ, ভ্যানামি, টুনা ও স্যামনসহ বিভিন্ন সামুদ্রিক পণ্যের আমদানি, প্রক্রিয়াকরণ ও পুনঃরপ্তানির জন্য বিনিয়োগবান্ধব অনুমোদন ব্যবস্থা ও অনলাইন আবেদন পদ্ধতি চালু করা।
