সম্পদের বণ্টন জটিলতায় ১৯ ঘণ্টা  পর বাবার দাফন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ এএম

বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ শালুকগাড়ী গ্রামে একটি মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। ছেলেকে সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে এক বাবার মরদেহ দাফন না করে ১৯ ঘণ্টা রেখে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সালিশে বিষয়টি সুরাহা হলে একদিন পর দাফন করা হয় হামেদ আলী (৫৮) নামের ওই ব্যক্তির মরদেহ।

স্থানীয় সূত্র জানিয়েছে, হামেদ আলী ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। গত দুই বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। অসুস্থ অবস্থায় প্রায় দুই মাস আগে তিনি তার দোতলা বাড়ি, ১২ শতাংশ ভিটা ও ৭৩ শতক জমি স্ত্রী ও দুই মেয়ের নামে লিখে দেন, যাতে ছেলে মাসুদ (৩০) সম্পত্তি থেকে বঞ্চিত হন। বাবার মৃত্যুর পর তিনি ন্যায্য হিস্যার দাবি তোলেন। তার এই ঘোষণায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় চেয়ারম্যান আতিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। দীর্ঘ আলোচনা ও সালিশের মাধ্যমে রবিবার দুপুরে হামেদ আলীর স্ত্রী ও মেয়েরা শাজাহানপুর সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে মাসুদের নামে তার ন্যায্য অংশের দলিল সম্পাদন করেন। এরপর রবিবার বিকেল ৩টায় হামেদ আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

হামেদ আলীর বড় বোন হামিদা বেগম বলেন, ‘ছেলেকে বঞ্চিত করা অন্যায় ছিল। কিন্তু এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় মাসুদ তার অধিকার ফিরে পেয়েছে। এটি আমাদের সবার জন্য স্বস্তির বিষয়।’

চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘মুসলিম ফারায়েজ অনুযায়ী সম্পত্তি বণ্টনের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা একটি মানবিক সমাধানে পৌঁছাতে পেরেছি।’

এ বিষয়ে মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত