সমাবেশে যাওয়ার পথে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৬ এএম

খুলনার কয়রা উপজেলায় বিএনপির যুব সমাবেশে যাওয়ার পথে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের হিরা (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার বেলা ৩টার দিকে তিনি পাইকগাছা উপজেলার গদাইপুরে মারা যান।

বিএনপির দলীয় সূত্র জানায়, কয়রা উপজেলায় বিএনপির যুব সমাবেশে যাওয়ার জন্য গতকাল সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের হিরা রওনা দেন। দুপুরে পাইকগাছা উপজেলা সদরের জিরো পয়েন্টের একটি হোটেলে খাওয়ার সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে খুলনায় নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে খুলনায় নেওয়ার পথে পাইকগাছার গদাইপুরে তিনি মারা যান।

এদিকে, স্বেচ্ছাসেবক দলের নেতা আবু তাহের হিরার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপির নেতারা। বিবৃতিদাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত