গুমের ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১১ এএম

বাংলাদেশে জোরপূর্বক গুমের ঘটনার জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা (্ওএইচসিএইচআর)।

জেনেভাভিত্তিক ওএইচসিএইচআর-এর মুখপাত্র রাভিনা শামদাসানি গতকাল বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে এই প্রথমবারের মতো জোরপূর্বক গুমের জন্য আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী, তাদের পরিবার ও জবাবদিহির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

মুখপাত্র জোরপূর্বক গুমের বিষয়ে আন্তর্জাতিক আইনে নিশ্চিত করা যথাযথ প্রক্রিয়া ও ন্যায্য বিচারের সবচেয়ে কঠোর মানদন্ডের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, এই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী এবং সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে ২০২৪ সালের গণবিক্ষোভের বিষয়ে ওএইচসিএইচআর-এর তথ্যানুসন্ধান প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, এতে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য দায়ীদের আন্তর্জাতিক মানদন্ড অনুসারে জবাবদিহি করতে হবে।

রাভিনা শামদাসানি বলেন, প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ, ন্যায্য নিষ্পত্তি নিশ্চিত করা ও নির্বিচারে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হওয়া সাংবাদিক ও ‘প্রাক্তন প্রশাসনের সমর্থক’ মনে করে আটক করা ব্যক্তিদের কথা বিশেষভাবে উল্লেখ করেন।  

মুখপাত্র বলেন, বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় হলো সত্য বলা, ক্ষতিপূরণ, নিরাময় ও ন্যায়বিচারের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো নিষ্পত্তি করা, এবং নিশ্চিত করা যে এই নির্যাতনগুলো আর ঘটবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত