বিভেদ চাই না দয়া করে দেশ বাঁচান : ফখরুল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩০ এএম

‘দয়া করে দেশটাকে বাঁচান। এখন আর বিভেদ সৃষ্টি করবেন না। বিভিন্ন দাবি তুলে জনগণকে বিভ্রান্ত করবেন না।’ জামায়াত ও গণভোট ইস্যুতে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বটতলী বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা অতীতে সরকারে ছিলাম। সরকার কীভাবে চালাতে হয়, ভালো কাজ কীভাবে করতে হয়. সেটা বিএনপি জানে। আমরা পার্লামেন্টে যাচ্ছি, নির্বাচন করছি এটা বিএনপিরই অর্জন। বহুদলীয় গণতন্ত্রও আমরা এনেছি।’ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ১ কোটি বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা করব। প্রত্যেক পরিবারকে একটি করে ‘পরিবার কার্ড’ দেওয়া হবে। সেই কার্ড নিয়ে কেউ চেয়ারম্যান বা মেম্বারের কাছে গেলে, তারা বাধ্য থাকবেন সেবা দিতে। আমরা স্বাস্থ্যসেবা উন্নত করব, শিক্ষা খাতে বরাদ্দ বাড়াব, কারিগরি শিক্ষায় গুরুত্ব দেব এবং কৃষি খাতকে আধুনিকায়ন করব।’

দেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশ। আমরা কাউকে আলাদা করতে চাই না, বিভেদ নয় ঐক্য চাই। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে হবে।’

তিনি আগামী জাতীয় নির্বাচনে সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করার আহ্বান জানান। সভায় বিএনপির স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত