প্রযুক্তির অপব্যবহার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব জানিয়েছেন, নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হস্তক্ষেপ, ভুয়া তথ্য ও তথ্যের অপব্যবহার রোধে করণীয় বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা হয়েছে।
গতকাল বুধবার নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিকবিষয়ক মন্ত্রী অ্যানি অ্যালি। এ সময় ইসি সচিবও উপস্থিত ছিলেন।
বৈঠকের বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করতে এসে আমাদের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এ সময় তারা তাদের অভিজ্ঞতাও আমাদের সঙ্গে শেয়ার করেছেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট পক্ষের প্রস্তুতি কী এবং তারা কীভাবে এগোচ্ছে। ইসির পক্ষ থেকে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি, নির্বাচনের সময় বিভিন্ন ঘটনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও দুই দেশের মধ্যে মত বিনিময় হয়।
আলোচনায় অস্ট্রেলিয়ার মন্ত্রী তাদের নিজেদের নির্বাচনের অভিজ্ঞতাও নির্বাচন কমিশনের সঙ্গে শেয়ার করেছেন উল্লেখ করে তিনি বলেন, তবে আলোচনায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা নিয়ে কথা বলার সুযোগ হয়নি।
তিনি আরও বলেন, ‘এটার বিষয়ে আমরা বলেছি এআই ইন্টারভেনশন, মিসইউজ অব ইনফরমেশন, এবিউজ অব ইনফরমেশন, ফেক ইনফরমেশন। এই সব বিষয়ে আলোচনা হয়েছে। এটা ওনাদেরও আছে বলে জানিয়েছেন। আমাদের ইউএনডিপি স্পন্সরড একটা প্রজেক্ট আছে, “ব্যালট” সেটাতে উনারা সহযোগিতা করছেন। এ ছাড়া বাড়তি সহযোগিতার সুযোগ যদি থাকে, তাহলে সেটা তারা জানাবেন।’
